টেকনাফে আবারও সামনে মানবপাচারের অভিযোগ শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝির বিরুদ্ধে
টেকনাফ ২৪ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আবারও মানবপাচারের গুরুতর অভিযোগ সামনে এসেছে। উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডার ডেইল এলাকার কবির আহমদের পুত্র মোঃ শাকের।যিনি স্থানীয়ভাবে শাকের মাঝি নামে পরিচিত। তার বিরুদ্ধে আবারো এই অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকের মাঝি দীর্ঘদিন ধরে আড়ালে থেকে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে মানবপাচার কার্যক্রম পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে,এই অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন।
আরও জানা যায়, সাবরাং ইউনিয়নের বিভিন্ন নৌঘাট ব্যবহার করে রাতের অন্ধকারে তার সিন্ডিকেটের মাধ্যমে মিয়ানমারে খাদ্যদ্রব্য পাচার করা হয় এবং এর বিনিময়ে দেশে আসে মাদক ও অস্ত্রের চালান। একই সঙ্গে এই রুট ব্যবহার করে মানবপাচারও চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ,অবৈধ অর্থের প্রভাব এবং হুমকি-ধমকির মাধ্যমে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছেন, যার ফলে অনেকেই ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।
গত ১১ এপ্রিল আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ২৭৩ জন যাত্রী বহনকারী একটি ট্রলার ডুবির ঘটনায় পুনরায় আলোচনায় আসে তার নাম। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।