টেকনাফে চলন্ত প্রাইভেট কারে আগুন
ইব্রাহীম মাহমুদ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে।তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
১৯ এপ্রিল রবিবার সকালের দিকে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান,চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০ নম্বরের একটি যাত্রীবাহী প্রাইভেটকার টেকনাফ শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টেকনাফ সদরের কচুবনিয়া এলাকার গাড়ির চালক ও মালিক ফিয়ার আলম কার গাড়িতে আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।