কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়া পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সিরাজের পুত্র আব্রাহাম খান নূরানী তা’লিমুল কুরআন বোর্ড,চট্টগ্রাম বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে জিপিএ–৫ অর্জন করেছে।
চলতি বছর নূরানী তা’লিমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত টেকনাফ সদর ইউনিয়নের উত্তর জাহাঁলিয়া পাড়া তালীমুল কুরআন নূরানী মাদরাসার নূরানী বিভাগের ৩য় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে আব্রাহাম খান।
শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে সে সকল বিষয়ে উত্তীর্ণ হয়ে জিপিএ–৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে।
ভবিষ্যতে আব্রাহাম খান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এ কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য তার পরিবার মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
উল্লেখ্য, এ বছর টেকনাফ সদরের উত্তর জাহাঁলিয়া পাড়া তালীমুল কুরআন নূরানী মাদরাসার নূরানী বিভাগের ৩য় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মোট ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে শতভাগ অর্থাৎ ১৩ জনই উত্তীর্ণ হয়। এবং তাদের মধ্যে ১০ জন জিপিএ–৫ অর্জন করেন। পাশের হার শতভাগ হওয়ায় এলাকাবাসী মাদরাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।