টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক
ইব্রাহীম মাহমুদ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে পুলিশের অস্থায়ী চেকপোস্টে একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল,চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচসহ চারজনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় একটি নোহা বক্সি গাড়িও জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকায় সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় টেকনাফগামী একটি নোহা গাড়িকে থামার সংকেত দেওয়া হলে গাড়ির চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
পরে গাড়ির পেছনের দরজা খুলে পালানোর চেষ্টা করলে পুলিশ চারজনকে আটক করে। তারা হলেন হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার মাহাবুবুর রহমান মাহবুব (৩১), খারাংখালী-পশ্চিম মহেষখালীয়া পাড়ার মো. রিশাদ (২৪) এবং হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার আব্দুল্লাহ (২৫)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত নোহা বক্সি গাড়িটি জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়,গ্রেপ্তার ৪ আসামির বিরুদ্ধে ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।এছাড়াও তাদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
All rights reserved © 2025 Teknaf24.Com
Developed By: Azad Web IT